মৃত্যু হয়েছে বাবার। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের আগে সম্পত্তির বাটোয়ারা করে যাননি প্রৌঢ়। তাই বাবাকে মৃত্যুশয্যায় রেখেই অদ্ভুত কাণ্ড ঘটালেন পুত্র। তা দেখে ক্ষুদ্ধ নেটাগরিকেরা। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে। মৃত প্রৌঢ়ের বয়স ৭৩ বলে জানতে পারা গিয়েছে। প্রৌঢ়ের পরিবারের অন্দরে সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা চলছিল বলে অনুমান করা হচ্ছে। হয়তো সেই কারণেই তরুণ তেমনটা করার সিদ্ধান্ত নেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মৃত্যুশয্যায় শুয়ে প্রৌঢ়। রীতি মেনে ছাই রঙের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তাঁকে। আশপাশে শোকার্ত মানুষের ভিড়। সকলে প্রৌঢ়ের মৃতদেহ ঘিরে বসে রয়েছেন। সকলের মাঝে বেমানান কাণ্ড ঘটালেন প্রৌঢ়ের পুত্র। চাদরের তলা থেকে বাবার হাত বার করে কাগজে আঙুলের ছাপ নিতে দেখা গেল তরুণকে। তাঁকে সাহায্য করলেন অপর এক তরুণ। এক জন এগিয়ে এসে তরুণকে নির্দেশ দিলেন কাজটা কী ভাবে করতে হবে। সেই কথা অনুযায়ী তরুণ প্রথমে মৃত বাবার বৃদ্ধাঙ্গুলি কালিতে ছোঁয়ালেন। তার পর কাগজের উপর সেই আঙুলের ছাপ বসালেন। সকলে স্থির চোখে তরুণের এই কাণ্ড দেখে গেলেন। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ছোটুকিংঅফলি১’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণের কাণ্ড ঘিরে ‘ছিঃ ছিঃ’ রব উঠেছে নেটপাড়ায়। বাবার মৃত্যুর পর কোনও ছেলে কী ভাবে এমনটা করতে পারেন তা ভেবে হতবাক নেটাগরিকেরা।