গাড়ির শোরুমে চোরের হানা। কিন্তু কেবল চুরি করাই লক্ষ্য ছিল না চোরের। বদলে করল আরও নানা কাজ। যেন ছুটি কাটাতে এসেছে। পুরো ঘটনা ধরা পড়ল সেই শোরুমে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে বারাণসীতে। সেই শোরুমের উচ্চপদস্থ আধিকারিক রোহিত কুমার সিংহের কথা অনুযায়ী, চোরটি প্রায় সাড়ে চার ঘণ্টা শোরুমের ভিতরে কাটায়। সোমবার রাত ১০টা নাগাদ সেই শোরুমের নিরাপত্তারক্ষী তালা দিয়ে চলে যান। তার পর সাড়ে ১১টা নাগাদ চোরটিকে শোরুমের বাইরে ঘোরাঘুরি করতে দেখা যায়। বৃষ্টি পড়া শুরু করলে চোরটি শোরুমের ব্যানার ছিঁড়ে সেটিকে বর্ষাতি হিসাবে ব্যবহার করে। তার পর কাচের দরজা কেটে শোরুমের ভিতর প্রবেশ করে।
আরও পড়ুন:
১২টা নাগাদ শোরুমে ঢোকার পর শুরু হয় চোরের আসল খেলা। তার কীর্তির সবটাই ধরা পড়েছে দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায়। চোরটি প্রথমে শোরুমে থাকা কম্পিউটারের কাছে থাকা ঘূর্ণায়মান চেয়ারে বসে কিছু ক্ষণ কম্পিউটার ঘেঁটে দেখে। তাঁকে দেখে মনে হচ্ছিল সে বেশ খোশমেজাজে ছিল। তার পর চেয়ারে বসে কিছু ক্ষণের জন্য ঘুরেও নেয়। এর পর সে ফ্রিজ থেকে জল বার করে খায়। এখানেই শেষ নয়। এর পর চোরটি কফি বানিয়ে খায়। তার পর স্নান সেরে, জামাকাপড় শুকোনোতে মন দেয়।
আরও পড়ুন:
কিন্তু বেরোনোর আগে শোরুম থেকে নতুন জামা, টুপি পরে নেয় চোর। স্নান সেরে কম্পিউটারে গান চালিয়ে কিছু ক্ষণ নেচেও নেয়। সব শেষে মন দেয় আসল কাজে। উচ্চপদস্থ আধিকারিকের মাত্র তিন মাসের পুরনো প্রায় চার লক্ষ টাকার বাইকে নজর পড়ে চোরের। ভোর ৪টে নাগাদ সেই বাইক নিয়ে শোরুম থেকে কেটে পড়ে চোর। দোকানের কর্মী-সহ পুলিশদেরও চোরের কীর্তি দেখে মাথায় হাত পড়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শোরুমে রাখা বাইকের সারি। সেগুলির মাঝে সাদা রঙের পোশাক আর টুপি পরে দাঁড়িয়ে চোর। কিন্তু তার হাবভাব দেখে বোঝার উপায় নেই যে সে চুরি করতে এসেছে। চোখেমুখে কোনও ভয়ের ছাপ নেই। উল্টে গান চালিয়ে নেচে চলেছে সে। যেন কোনও আনন্দ অনুষ্ঠানে এসেছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘মেঘআপডেটস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। চোরের কাণ্ড দেখে মজা পেয়েছেন নেটাগরিকেরা।