Advertisement
E-Paper

গুটি গুটি ‘দেবদর্শনে’ এল কুমির! ফুল-ধূপ সহযোগে ভয়াল সরীসৃপকে পুজো পুরোহিতের! ভাইরাল ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার বিচুপল্লীর অঞ্জনেয় স্বামী মন্দিরে। সেই মন্দিরে গা ঘেঁষে বয়ে গিয়েছে কৃষ্ণা নদী। রবিবার দুপুরে সেই মন্দির সংলগ্ন পুষ্কর ঘাটে একটি কুমির উঠে আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ০৯:২৫
crocodile

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেঝেতে শুয়ে রয়েছে জ্যান্ত কুমির। সামনে বসে রয়েছেন পুরোহিত। ফুল ছুড়ে, ধূপ জ্বালিয়ে ভয়াল সরীসৃপকে পুজো করছেন পুরোহিত। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। তা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটাগরিকদের। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার বিচুপল্লীর অঞ্জনেয় স্বামী মন্দিরে। সেই মন্দিরে গা ঘেঁষে বয়ে গিয়েছে কৃষ্ণা নদী। রবিবার দুপুরে সেই মন্দির সংলগ্ন পুষ্কর ঘাটে একটি কুমির উঠে আসে। এর পর সেই মন্দিরের পুরোহিত অনিল শর্মা সেটির পুজো করেন। তা দেখে ভক্তেরা অবাক হয়ে গিয়েছেন।

কুমিরটি জনাকীর্ণ ঘাটে উঠে আসার পর মন্দিরের এক কক্ষে প্রবেশ করে। সেই দৃশ্য ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সৃষ্টি হয় বিশৃঙ্খলা। কিন্তু পুরোহিত অনিল ভয় পাননি। উল্টে তিনি নিজে থেকেই পুজোর ডালি নিয়ে কুমিরটির কাছে এগিয়ে যান। কুমিরটিও আশ্চর্যজনক ভাবে অনিলকে আক্রমণ করেনি। উল্টে মেঝের উপর চুপচাপ শুয়ে থেকে পুজো গ্রহণ করে। পরে বন দফতরে খবর দিয়ে কুমিরটিকে পুনরায় নদীর জলে ছেড়ে দেওয়া হয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেঝের উপর শুয়ে রয়েছে কুমির। ভয়াল সরীসৃপের থেকে দু’হাত দূরে বসে রয়েছেন পুরোহিত। হাতে রয়েছে পুষ্পপত্র। পুরোহিতমশাই সেখান থেকে ফুল তুলে কুমিরটির গায়ে ছুড়ে দিচ্ছেন। চলছে কুমিরের পুজো। ফুলের সঙ্গে কুমিরটির গায়ে অখণ্ড চালও ছুড়তে দেখা গেল পুরোহিতকে। তার পর ধূপকাঠি ঘুরিয়ে চলল পুজো। কুমিরটি চুপচাপ শুয়ে থেকে পুরোহিতের পুজো গ্রহণ করল। এক বারের জন্যও নড়তে দেখা গেল না তাকে। সামনে ‘শিকার’ বসে থাকলেও ‘শিকারির’ মধ্যে কোনও লোভ দেখা গেল না। সেটি চুপচাপ শুয়েই রইল। যেন পুজো নিতেই জল ছেড়ে ডাঙায় উঠে এসেছে কুমিরটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অরুণশান্ডিল্য’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা পুরোহিতের কাণ্ড দেখে অবাক হয়েছেন। অধিকাংশ নেটাগরিক কুমিরটির চুপচাপ শুয়ে থাকা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না বলে দাবি করেছেন।

Viral Video Telengana Crocodile animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy