জঙ্গলের রাস্তা গিয়ে হেঁটে আসছিল বুনো হাতি। মুখোমুখি হয়ে তার দিকেই গাড়ি চালিয়ে নিয়ে গেলেন এক চালক। বিপজ্জনক পরিস্থিতিতে বার বার হর্নও বাজালেন! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, এক গাড়ির চালক বনের একটি সরু রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন। হঠাৎই গাড়ির সামনে চলে আসে একটি বিশাল বুনো হাতি। নিরাপদ দূরত্বে গাড়ি থামানো বা হাতিটি সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরিবর্তে, চালক গাড়িটি হাতিটির দিকেই চালিয়ে নিয়ে যেতে থাকেন। জঙ্গলের রাস্তায় এক বুনো হাতির মুখোমুখি হওয়ার পর চালক গাড়িটি সরাসরি প্রাণীটির দিকে চালিয়ে এবং ক্রমাগত হর্ন বাজিয়ে পরিস্থিতি বিপজ্জনক করে তোলেন। মনে হচ্ছিল, শব্দ করে হাতিটিকে ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। এর পর হাতিটি বিপজ্জনক রকমের কাছাকাছি পৌঁছে গেলেও চালক গাড়িটি পিছিয়ে না নিয়ে বা নিরাপদ দূরত্ব বজায় না রেখে হর্ন বাজাতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়ো শেষ হওয়া পর্যন্ত হাতিটি কোনও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়নি এবং শেষ পর্যন্ত রাস্তা থেকে সরে যায়। এর ফলে একটি সম্ভাব্য বিপজ্জনক সংঘাত এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘স্যাফ্রন চার্জেস’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে। পোস্টের ক্যাপশনে সতর্ক করা হয়েছে যে, বন্যপ্রাণীর কাছে এ ভাবে এগিয়ে যাওয়ার পরিণতি মারাত্মক হতে পারে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘চালক ভাগ্যবান যে হাতিটি গাড়ির দিকে তেড়ে না এসে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মূর্খ নাকি! বড় এবং শক্তিশালী প্রাণীদের ক্ষেত্রে মানুষের আরও সতর্ক হওয়া প্রয়োজন।’’