যত দিন এগোচ্ছে, মানুষের রিল বানানোর হিড়িক তত বৃদ্ধি পাচ্ছে। রাস্তা, মন্দির, বাস কোনও কিছুই রিল তৈরির মঞ্চ হওয়া থেকে ছাড় পাচ্ছে না। মন্দিরপ্রাঙ্গণে নেচে নেচে রিল তৈরি করছিল এক কিশোরী। খেতে হল পুলিশের বকা। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোন মন্দিরে ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দিরে ভক্তের ভিড়। রেলিঙের পাশে লাইন করে দাঁড়িয়ে ভক্তেরা। লাইন মেনে এক এক করে মন্দিরের ভিতর ঢুকছেন তাঁরা। সেই লাইনে দাঁড়িয়েই নাচা শুরু করল এক কিশোরী। উল্টো দিকে দাঁড়িয়ে এক জন তার নাচের ভিডিয়ো তৈরি করছেন। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক চোখে কিশোরীর কাণ্ড দেখে চললেন। খানিক পরেই ভেস্তে গেল কিশোরীর রিল তৈরির পরিকল্পনা। মন্দিরের ভিতর থেকে পুলিশকর্মী বেরিয়ে এসে দিলেন ধমক। মন্দিরচত্বর রিল তৈরি করার জায়গা নয় জানিয়ে তাঁকে নাচা বন্ধ করতে বললেন। পুলিশের কথামতো রিল তৈরি বন্ধ করে দিল কিশোরী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘দ্যপুণেমিরর’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। সাড়ে তিন হাজারেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কিশোর-কিশোরীদের মধ্যে রিল তৈরির নেশা দিন দিন বেড়েই চলেছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘মা-বাবাদের আজকালকার বাচ্চাদের ভদ্রতার পাঠ শেখানো উচিত।’’