সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারাল চারচাকা। ঘুরতে ঘুরতে এসে সার্ভিস লেনে ঢুকে পড়ল। সেখানে ধার ঘেঁষে দাঁড় করানো ছিল বেশ কয়েকটি গাড়ি ও বাইক। সেগুলিকে ধাক্কা মারল চারচাকাটি। ধাক্কা খাওয়া গাড়িদের দলে ছিল একটি বিএমডব্লিউ-ও। ভয় ধরানো সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি গুজরাতের অহমদাবাদের ইস্কন সেতুতে ঘটেছে। তরুণ বন্ধুর থেকে চারচাকাটি নিয়ে চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় সেই গাড়িতে মোট ছ’জন উপস্থিত ছিলেন। এই ঘটনায় কেউ গুরুতর আঘাত পাননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই তরুণ সেখান থেকে হাসপাতালে চলে যান প্রাথমিক চিকিৎসা করানোর জন্য। পুলিশ বর্তমানে সিসিটিভি ফুটেজ ধরে তরুণকে খুঁজে বার করার চেষ্টা করছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সেতু থেকে ছুটছে একের পর এক গাড়ি। একটি সাদা রঙের চারচাকা গতির সঙ্গে এগিয়ে আসছে। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল। গোল গোল ঘুরতে ঘুরতে সেতু থেকে সোজা সার্ভিস লেনে ঢুকে পড়ল গাড়িটি। সেই রাস্তার দু’ধারে পার্ক করা ছিল বেশ কিছু চারচাকা এবং দু’চাকা। গাড়িটি এসে প্রথমে একটি চারচাকায় ধাক্কা মারল। সেটি এগিয়ে গিয়ে সামনে দাঁড় করানো গাড়িতে ধাক্কা দিল। এর পর নিয়ন্ত্রণ হারানো চারচাকাটি এসে রাস্তার অপর পাশে দাঁড় করানো কালো রঙের চারচাকায় ধাক্কা মারল। সেটির ধাক্কায় পাশে পার্ক করা স্কুটারটিও পড়ে গেল।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘কোনও মানুষ এই সময় রাস্তা দিয়ে গেলে কী ভয়ঙ্কর পরিণতি হত সেটা ভেবেই ভয় লাগছে।’’