Advertisement
E-Paper

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলার তদন্তকারী অফিসার বদল, এই নিয়ে দু’বার! শনিবারই সূর্যপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী

শনিবারই বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতা এবং সুবিচারের আশ্বাস দেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ১০:১৩
Investigating officer changed in Baruipur minor girl murder case

শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলার তদন্তকারী অফিসার (আইও) পরিবর্তন হল। এ বার তদন্তভার দেওয়া হল জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে। ঘটনাচক্রে শনিবারই বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে সহযোগিতা এবং সুবিচারের আশ্বাস দেন তিনি। কথা বলেন তদন্তকারী অফিসারদের সঙ্গেও।

নাবালিকা ধর্ষণ-খুন মামলায় প্রাথমিক ভাবে তদন্তভার ছিল জেলা পুলিশের আধিকারিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরে সেই মামলায় তদন্তকারী অফিসার বদল হয়। তদন্তভার পান বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দার। এ বার তাঁর বদলে বারুইপুরের ঘটনার তদন্তভার দেওয়া হল শান্তনুকে।

পুলিশ সূত্রের খবর, মামলার সমস্ত দিক নতুন করে পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। উল্লেখ্য, গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন। তার পৃথক তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ।

নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর থেকেই সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ির দাবি উঠেছিল। গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেই দাবি পূরণ হবে। ঘোষণার চার দিনের মাথায় শনিবার সূর্যপুরে গিয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন শুভেন্দু। পাশাপাশি, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। পরে শুভেন্দু বলেন, ‘‘এখানে একটি একরত্তি মেয়েকে যে ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওঁরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে আছি। যে চার জনের নামে অভিযোগ করা হয়েছিল, তাঁদের পুলিশ গ্রেফতার করেছে। কেউ কেউ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত পর্যন্তও পালিয়ে গিয়েছিল। ধরে আনা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ ভাল কাজ করেছে।’’ শুভেন্দুর বারুইপুরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নাবালিকা ধর্ষণ-খুনে আইও বদল হল।

সংক্ষেপে
  • প্রাথমিক ভাবে এই ঘটনায় তিনটি মামলা রুজু করেছিল পুলিশ। খুনের পাশাপাশি গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু এবং পুলিশকে মারধরের পৃথক মামলা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন, মামলার সংখ্যা আরও বেড়েছে। রেললাইন অবরোধের ঘটনাতেও পৃথক মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • গত শনিবার, ৪ জুলাই থেকে নিখোঁজ ছিল বারুইপুরের ১২ বছরের কিশোরী। রবিবার পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে খুন করা হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক সন্দেহভাজনকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাঁর মৃত্যু হয়েছে।
  • এর পরও নাবালিকার দেহ ঘিরে রাস্তা আটকে দিনভর বিক্ষোভ চলেছে। ট্রেন পরিষেবাও থমকে গিয়েছিল তার জেরে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ
Baruipur Rape and Murder

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy