Advertisement
E-Paper

‘নেতা-মন্ত্রীরা নিজেদেরই ঈশ্বর মনে করছেন?’ পড়ুয়াদের পাশে অরিজিৎ! পরিবর্তনের কথাও বললেন তিনি?

অরিজিতের পোস্টে তাঁকে সমর্থন জানিয়েছেন অনুরাগীরা। প্রথম সারির তারকারা কবে মুখ খুলবেন, অনেকেই এই অপেক্ষায় ছিলেন। সেখানে অরিজিতের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৪:২০
অরিজিৎ মুখ খুললেন!

অরিজিৎ মুখ খুললেন! ছবি: সংগৃহীত।

শুধু গান নয়। জীবনযাপন, আদর্শের জন্য অনুরাগীরা তাঁকে পছন্দ করেন। যন্তর মন্তরে চলা আন্দোলন নিয়ে তিনি কেন মুখ খুলছেন না, সেই প্রশ্ন উঠছিল। অবশেষে মুখ খুললেন অরিজিৎ সিংহ। আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে কথা বললেন তিনি।

সোমবার সংসদ অভিযানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। অভিযোগ, সংসদ অভিযানের সময়ে তাঁদের উপর লাঠিচার্জ করে মুম্বই পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারকাদের অনেকেই। ক্ষুব্ধ অরিজিৎও। তাঁর এক্স হ্যান্ডল থেকে লিখেছেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এবার নিজেদেরই ভগবান মনে করছেন?”

এখানেই শেষ নয়। ক্ষোভ প্রকাশ করে অরিজিৎ আরও লেখেন, “সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!” সাবধান করে অরিজিৎ লেখেন, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।”

অরিজিতের এই পোস্টে তাঁকে সমর্থন জানিয়েছেন অনুরাগীরা। প্রথম সারির তারকারা কবে মুখ খুলবেন, অনেকেই এই অপেক্ষায় ছিলেন। সেখানে অরিজিতের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক গাইবেন না। তবে যে কাজগুলির চুক্তি হয়ে আছে, সেগুলি শেষ করবেন। সেগুলি মুক্তি পেতে পেতে ২০২৭ হয়ে যাবে। এর পরেও সম্প্রতি খবর ছড়ায়, ‘আওয়ারাপন ২’-তে নাকি ফের প্লেব্যাক করছেন অরিজিৎ। প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নাকি নিজেই ভাঙলেন গায়ক। এই খবর ছড়াতেই মুখ খুলেছেন অরিজিতের আপ্তসহায়ক।

এক সাক্ষাৎকারে অরিজিতের আপ্তসহায়ক বলেছেন, “প্লেব্যাক থেকে অবসর নেওয়ার আগেই কিছু কাজ অরিজিতের হাতে ছিল। সেগুলিই তিনি শেষ করছেন। মোটেই প্লেব্যাকে ফিরছেন না অরিজিৎ। এই কাজগুলির প্রতিশ্রুতি আগে থেকেই দেওয়া ছিল।”

সংক্ষেপে
  • দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে তৃতীয় দফার বৈঠক করার পর সিজেপি জানায়, তাদের সব দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার পরেই আন্দোলনকারীদের উদ্দেশে তাদের আবেদন, এত দিন যে শান্তিপূর্ণ অবস্থান চলছিল, তা তুলে নিন।
  • ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের চাপে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি।
  • ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে দেখছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এই ‘জয়ের’ কৃতিত্ব পুরোটাই দেশের পড়ুয়া এবং যুব সমাজকে দিচ্ছে সিজেপি। কয়েক দিনের এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ দীপকে। শত ‘চাপে’ অনড় ছিলেন দাবিতে। সেই দাবি পূরণ হতেই বাঁধভাঙা আনন্দে ফেটে পড়েন তিনি।
Arijit Singh Sonam Wangchuk

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy