জাপানে বেড়াতে গিয়ে মস্ত এক ফ্যাসাদে পড়লেন এক ভারতীয় তরুণীর। এক লক্ষ টাকাসমেত হাতব্যাগটি ভুলে ফেলে এলেন ভাড়া করা সাইকেলের ঝুড়িতে। টের পেতেই মাথায় বাজ পড়ল তরুণীর। পার্সটিতে নগদ টাকা, তার বাড়ির চাবি এবং একটি দামি মাইক্রোফোন ছিল। সেই ব্যাগ ফিরে পাওয়ার আশা না করেই থানায় গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হলেন তাই ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামের একটি ভিডিয়োয়। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সোনম মিধা নামের তরুণী সম্প্রতি ইনস্টাগ্রামে জাপান ভ্রমণের ঘটনাটি শেয়ার করে জানান, তিনি এক বন্ধুর সঙ্গে ভাড়া করা সাইকেলে চড়ে একটি রেস্তরাঁয় গিয়েছিলেন। সেখানে ঢোকার আগে সোনম তাঁর পার্সটা সাইকেলের ঝুড়িতে রেখেছিলেন। ভেতরে প্রায় এক ঘণ্টা কাটানোর পর দু’জনে সাইকেলটির কাছে ফিরে আসেন। তখনই সোনম খেয়াল করেন যে পার্সটি সাইকেলের ঝুড়িতে থাকার কথা ছিল সেটি উধাও। হারানো ব্যাগটি পাওয়ার আশায় তাঁরা আশপাশের এলাকায় হন্যে হয়ে খুঁজতে লাগলেন। কিন্তু সেটির কোনও চিহ্নই ছিল না সেখানে। পার্সটি হারিয়ে সোনম কাছের একটি থানায় বিষয়টি জানানোর সিদ্ধান্ত নেন।
থানার কর্মকর্তাদের কাছে গিয়ে অবাক হয়ে যান তিনি। ব্যাগটির বর্ণনা ও ভিতরের জিনিসের তালিকা দেওয়ার পর জাপান পুলিশের আধিকারিকেরা জানান তেমন একটি ব্যাগ তাঁদের কাছে জমা পড়েছে। ব্যাগটি সোনমের হাতে তুলে দেওয়ার পর তিনি দেখেন তাঁর জিনিসপত্র ব্যাগের ভিতরে অক্ষত রয়েছে। যিনি পার্সটা খুঁজে পেয়েছিলেন তিনি নগদ টাকা বা অন্য কোনও জিনিস না নিয়েই সেটি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।
জাপানের বাসিন্দাদের সততা সোনমে আবেগাপ্লুত করে তুলেছিল। অভিজ্ঞতাটি স্মরণ করে তিনি বলেন, “আমার কাঁদতে ইচ্ছে করছিল, চমৎকার সব মানুষ! এখানকার মানুষ এত দয়ালু, এবং এখানে এখনও মানবতা টিকে আছে। ধন্যবাদ, জাপান।” ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর বহু মানুষ লাইক দিয়েছেন ভিডিয়োটিতে। বহু নেটাগরিকই জানিয়েছেন জাপানে বেড়াতে গিয়ে তাঁরা একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। প্রত্যেকেই জানিয়েছেন, পুলিশ ফোন করে হারানো জিনিস ফেরত দিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটাই জাপানের সৌন্দর্য।’’