অতি বৃষ্টির কারণে হিমাচল প্রদেশে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এর ফলে ব্যাহত হয়েছে জনজীবন। এরই মাঝে একটি ঘটনা বিশেষ ভাবে আলোচনায় উঠে এসেছে। বৃষ্টির ফলে একটি খাল প্রায় ভেসে যাওয়ায় সেটি পার করায় সমস্যা দেখা দেয়। তবে সে সবে ভ্রূক্ষেপ করেননি বিয়ে করতে আসা এক তরুণ। বিবাহবাসরে পৌঁছোনোর জন্য স্থানীয় এক তরুণের পিঠেই উঠে পড়েন তিনি। ঘটনাটি চম্বা জেলার। ঘটনাটির একটি ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরিহিত এক যুবককে। অন্য এক যুবকের পিঠে চড়ে রয়েছেন তিনি। পায়ের নীচে তীব্র বেগে জল বয়ে চলেছে। সে সবে ভ্রুক্ষেপ নেই বরের। দিব্য পিঠে চড়েছেন তিনি। একটি বড় আলো রাতের অন্ধকারকে কাটানোর চেষ্টা চলছে। যুবকের সঙ্গে আরও বেশ কয়েক জন ছিলেন। বেশ কয়েকটি গাড়িকেও দেখা যায়।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, রবিবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টির পর পালানি নামে একটি নালার জলস্রোত বৃদ্ধি পায়। এর ফলে সেটি পার করে যাতায়াত করা মুশকিল হয়ে পড়ে। এর ফলেই বিয়ে করতে আসা এক বর এবং বরযাত্রীরা আটকে পড়েন। তখনই স্থানীয় এক বাসিন্দার পিঠে চড়ে বসেন বিয়ের পাত্র। ঘটনাটি ভারমৌর জেলার বাদগ্রাম এলাকার।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, এই নালার উপরে দীর্ঘ দিন ধরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি করে আসছেন ওই গ্রামের বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, প্রতি বর্ষাতেই নালাটি উপচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তবুও স্থানীয় প্রশাসনের তরফে কোনও রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আরও পড়ুন:
‘দ্য_ডেলি_আপডেট_২৪x৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভিডিয়োটি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটাগরিকেরা। ওই গ্রামে সেতু তৈরির দাবি জানিয়েছেন তাঁরাও। বিয়ে করতে আসা তরুণ অমন পিঠে চড়ে থাকায় তাঁকে মজার ছলে ‘বেতাল’ বলেছেন কেউ কেউ। আবার কারও মতে, এটি চূড়ান্ত অমানবিক একটি কাজ।