বৃষ্টিভেজা মাটিতে ভারসাম্য হারিয়ে একটি কাঠবোঝাই ট্রাক প্রায় ১০০ ফুট নীচে পড়ে যায়। গাড়িটি একটি চা বাগানে গিয়ে পড়ে। বাগানের সর্বত্র কাঠের গুঁড়ি ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত, ট্রাকচালক অক্ষত অবস্থায় রক্ষা পান। কারণ ট্রাকটি পড়ে যাওয়ার সময় তিনি সেটির ভেতরে ছিলেন না। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, গত রবিবার তামিলনাড়ুর কোটাগিরিতে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ট্রাকটি উটির এক কাঠব্যবসায়ীর মালিকানাধীন ছিল। কাট্টাবেট্টু অঞ্চল থেকে কাঠ বয়ে নিয়ে যাচ্ছিল সেটি। শনিবার রাতে বৃষ্টির পর চালক অরুণ ভারী কাঠবোঝাই গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন।
চালক রবিবার সকালে ট্রাকটিকে সরানোর চেষ্টা করেন। কিন্তু বৃষ্টিভেজা মাটিতে গাড়ির চাকা প্রায় গেঁথে যাওয়ায় সেটি চালানো অসম্ভব হয়ে পড়েন। তখন সেটিকে সরানোর জন্য একটি ক্রেনের খোঁজ নিতে যান অরুণ। ধারণা করা হচ্ছে, তাঁর অনুপস্থিতিতেই গাড়িটি গড়িয়ে পড়ে যায়।
আরও পড়ুন:
ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, কাত হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে সেটি। গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেটির কাঠের বোঝা ছড়িয়ে পড়ে যাচ্ছে চারিদিকে। এই ঘটনাটি রাস্তার পাশের ঢালু অংশে ভারী যানবাহন দাঁড় করানোর সম্ভাব্য বিপদগুলোও তুলে ধরেছে। বিশেষ করে বর্ষার সময় যখন রাস্তাঘাট পিছল থাকে।
‘সুরজিৎ_ঘোষ২’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। নানা রকম মন্তব্য করেছেন তাঁরা। ট্রাকটির চালক যে কোনও ভাবে আহত হননি বা কাঠ গড়িয়ে পড়ে কারও আঘাত লাগেনি, তা জেনে নিশ্চিন্ত হয়েছেন সকলে।