রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ়। কিন্তু সেই রাস্তায় যে তাঁর জন্য বিপদ অপেক্ষা করছে সেই ধারণা হয়তো প্রৌঢ়ের ছিল না। হুট করেই প্রৌঢ়ের উপর ভেঙে পড়ল একটি গাছের ডাল। এখনও পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তার পরই ঘটল আসল বিপত্তি। গাছের সঙ্গে ছিঁড়ে পড়ল একটি বিদ্যুতের তার। তা প্রৌঢ়ের পায়ে পেঁচিয়ে গেল। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সকালের ব্যস্ত রাস্তা। হেঁটে যাচ্ছেন বহু লোকজন। ছুটে চলেছে গাড়ি। রাস্তার ধার ধরে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ়। হঠাৎই প্রৌঢ়ের গা ঘেঁষে ভেঙে পড়ল গাছের ডাল। সেটি মাথার উপর পড়া থেকে একটুর জন্য বেঁচে গেলেন প্রৌঢ়। কিন্তু তার পরই ঘটল বিপত্তি। ডালটিকে টপকে এগিয়ে যেতে চাইলেন প্রৌঢ়। কিন্তু পারলেন না। তাঁর পায়ে জড়িয়ে গেল বিদ্যুতের তার। সেটিও ডালের আঘাতেই ছিঁড়ে রাস্তায় পড়েছে। সেই পথ ধরে যেতে গিয়ে প্রৌঢ়ের পায়ে তা পেঁচিয়ে যায়। প্রৌঢ় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তার উপর পড়ে যান। ছটফট করতে থাকেন।
আরও পড়ুন:
ঠিক সেই সময় ‘দেবদূতের’ মতো ঘটনাস্থলে হাজির হন এক তরুণ। তাঁর চোখের সামনেই গোটা ঘটনাটি ঘটে। সেই রাস্তার ধারেই তরুণের দোকান। তিনি দোকান থেকে একটি প্লাস্টিকের তৈরি চেয়ার নিয়ে প্রৌঢ়ের কাছে ছুটে যান। তার পর চেয়ার দিয়ে মেরে প্রৌঢ়ের পা থেকে তারটিকে ছাড়ানোর চেষ্টা করেন। তত ক্ষণে প্রৌঢ় নিস্তেজ হয়ে পড়েছেন। চেয়ারের সাহায্যে তারটিকে ছাড়ানো গেল না। এর পর আর এক তরুণ লাঠি নিয়ে এগিয়ে এলেন। তখন প্রথম তরুণ চেয়ার রেখে দিয়ে দ্বিতীয় তরুণের হাত থেকে লাঠি নিয়ে তারটি ছাড়ানোর চেষ্টায় লেগে পড়েন। আশপাশ থেকে আরও কয়েক জন তরুণ লাঠি হাতে এগিয়ে আসেন প্রৌঢ়ের গা থেকে তার ছাড়ানোর জন্য। সকলের যৌথ প্রচেষ্টায় শেষমেশ প্রৌঢ়ের গা থেকে তার ছাড়ানো যায়। এর পর প্রৌঢ় ধীরে ধীরে উঠে পড়েন। তাঁকে দেখে বোঝাই যাচ্ছিল যে শরীরে জোর নেই। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘সঙ্গমপ্রাওয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা তরুণদের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।