আজকাল বাজারে সিএনজি চালিত গাড়ির চল বেড়েছে। পরিবেশের সুস্থতার কথা মাথায় রেখে মানুষ পেট্রল, ডিজ়েল ছেড়ে সিএনজির দিকে ঝুঁকছে। অন্যান্য জ্বালানির মতোই পাম্পে গিয়ে গাড়িতে সিএনজি পূর্ণ করা যায়। এতে ঝক্কির কোনও ব্যাপার নেই। একটি পাম্পে চারচাকায় সিএনজি ভরা হচ্ছিল। নজ়লটি গাড়িতে থাকা ছিদ্রের ভিতর ঢুকিয়ে রেখে পাশেই দাঁড়িয়ে ছিলেন কর্মী। কিন্তু হঠাৎই সেটি গাড়ির ভিতর থেকে ছিটকে বেরিয়ে আসে। তার পর মুহূর্তের মধ্যে পাম্পের রূপ বদলে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের এক পাম্পে ঘটেছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিএনজির পাম্প গাড়ি থেকে বেরিয়ে আসার পর তা ছিটকে গিয়ে এক তরুণের মাথার পিছন দিকে লাগে। ভিডিয়োয়ও সেই দৃশ্য ধরা পড়েছে। তরুণকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তরুণের মৃত্যু ঘটে বলে জানতে পারা গিয়েছে। উক্ত পাম্পের মালিক তরুণের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। গাড়ি থেকে কী ভাবে সিএনজি সরবরাহকারী নজ়লটি বেরিয়ে এল তা নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাম্পে গাড়ির ভিড়। সারি ধরে দাঁড়িয়ে রয়েছে একের পর এক চারচাকা, অটো। সিএনজি ভরার যন্ত্রগুলির পাশে রাখা রয়েছে একটি টেবিল। সেখানে বসে-দাঁড়িয়ে আড্ডা দিচ্ছেন একদল তরুণ। অন্য দিকে চার চাকার নজ়ল দিয়ে সিএনজি ভরছেন এক তরুণ। নজ়লটি গাড়িতে থাকা জ্বালানি ভরার ছিদ্রের মধ্যে ঢুকিয়ে পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। টেবিল ঘিরে দাঁড়িয়ে এবং বসে থাকা তরুণেরা জোর গল্পে মেতেছেন। হাসি-ঠাট্টায় সময় কাটাচ্ছেন তাঁরা। হঠাৎই সেই মজার মুহূর্ত বদলে গেল বিষাদঘন পরিস্থিতিতে। গাড়ি থেকে ছিটকে বেরিয়ে এল সিএনজির নজ়ল লাগানো পাইপ। তীব্রতার সঙ্গে বেরোতে লাগল সিএনজি গ্যাস। পাইপটি ইতি-উতি লাফাতে লাগল। পাম্পটি তছনছ করে দিল। মুহূর্তের মধ্যে বদলে গেল পাম্পের পরিবেশ। নজ়লটি সজোরে বাড়ি মারল এক তরুণের মাথায়। তিনি মেঝের উপর লুটিয়ে পড়লেন। গ্যাস বেরোনো শেষ হলে পাইপটিও মেঝের উপর পড়ে গেল। এর পর বাকি তরুণেরা মাটিতে পড়ে থাকা তরুণের কাছে ছুটে গেলেন। তাঁর মাথা মেঝে থেকে তুলতেই দেখা গেল গলগল করে রক্ত বেরোচ্ছে। তরুণেরা তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আইআ্যামমোহিতরে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা নিহত তরুণের পরিবারের কথা ভেবে দুঃখপ্রকাশ করেছেন।