Advertisement
E-Paper

ভাতের মধ্যে কিলবিল করছে সাদা পোকা! দেখেই মিড ডে মিল ফেলে দিল আতঙ্কিত পড়ুয়ারা, ভাইরাল ভিডিয়ো

পোকায় ভরা অখাদ্য খাওয়ার চেয়ে পেটে খিদে নিয়ে থাকা ভাল বলে মনে করল পড়ুয়ারা। সকলে মিলে মিড ডে মিলে পাওয়া খাবার ফেলে দিল। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৫:০২
mid day meal

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মিড ডে মিলের খাবারে উঁকি মারছে পোকা! সাদা রঙের পোকা কিলবিল করছে খাবারের মাঝে। পাতে পড়া নিরামিশ খাবারে ‘জীবন্ত প্রাণ’ দেখে ভিরমি খেল পড়ুয়ারা। পোকায় ভরা অখাদ্য খাওয়ার চেয়ে খিদে নিয়ে থাকা ভাল বলে মনে করল পড়ুয়ারা। সকলে মিলে মিড ডে মিলে পাওয়া খাবার ফেলে দিল। চাঞ্চল্যকর সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মঙ্গলবার বিহারের আরওয়াল জেলার একটি সরকারি বিদ্যালয়ে ঘটেছে। বিহারের প্রায় ৭৫টি সরকারি স্কুলের মিড ডে মিলের খাবারে পোকা খুঁজে পাওয়া গিয়েছে। সেই দিন স্কুলগুলিতে ভাত এবং আলু-সোয়াবিনের তরকারি খেতে দেওয়া হচ্ছিল। পাতে ভাত পড়তেই এক পড়ুয়া তাতে পোকা নড়তে দেখে। সে তৎক্ষণাৎ বন্ধুদের এবং শিক্ষককে বিষয়টি জানায়। পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর সকলে মিলে খাবার ফেলে দিতে শুরু করে। অন্যান্য স্কুলগুলিতেও ভাতের মধ্যে পোকা নড়তে দেখা গিয়েছে বলে জানতে পারা গিয়েছে।

জানা যাচ্ছে, ‘রয়্যাল মানব মিত্র সেবা সমিতি’ নামের সংস্থা থেকে বিহারের স্কুলগুলিতে মিড ডে মিলের খাবার পৌঁছোয়। খাবারে পোকা পাওয়ার পর থেকে বিহারের শিক্ষা দফতরের দিকে আঙুল উঠছে। আরওয়াল জেলার শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পড়ুয়াদের স্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না বলেও জানিয়েছেন তিনি। গাফিলতির যথাযথ প্রমাণ পাওয়া গেলে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা। স্কুলগুলি কী ভাবে মিড ডে মিলের খাবার প্রস্তুত করা হচ্ছে, শিক্ষা দফতরের তরফে সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের শৌচাগারের কাছে পড়ুয়াদের ভিড়। সকলের হাতে খাবারের থালা। তাতে থাকা মিড ডে মিলের খাবার ফেলার জন্যই সেখানে ভিড় জমিয়েছে পড়ুয়ারা। একে একে সকলে নর্দমায় খাবার ফেলে দেয়। তার পর কলের জলে থালা ধুয়ে ফিরে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘জ়িদ্দীনাগরিক’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভিডিয়োটি দেখে ক্ষুদ্ধ। বাচ্চাদের খাবারে পোকা দেখে উদ্বেগে নেটপাড়া। ঘটনাটির তদন্তের দাবি জানিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Mid Day Meal Bihar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy