প্রতিটি রেলস্টেশনেই ফুটব্রিজের বন্দোবস্ত থাকে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই সেই ব্যবস্থা করা হয়। তা সত্ত্বেও যাত্রীরা রেললাইন ধরে পারাপার করার পথ বেছে নেন। সেই কারণে প্রাণহানিও হয়। এ বার দেখা গেল এক প্রতিবন্ধী তরুণকে সে কাজ করতে। তরুণ ওয়াকারের সহায়তায় রেললাইন পার করছেন। ঠিক সেই মুহূর্তে স্টেশনে প্রবেশ করল ট্রেন। তার পর? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অম্বরনাথ রেলস্টেশনে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রেলস্টেশন। লেগে রয়েছে লোকের আনাগোনা। এক দৃশ্যে আটকে রয়েছে সকলের চোখ। প্রতিবন্ধী এক তরুণ ওয়াকার নিয়ে রেললাইন পার করছেন। খোঁড়াতে খোঁড়াতে প্রাণ হাতে নিয়ে এগিয়ে চলেছেন তরুণ। স্বাভাবিক ভাবেই একটু বেশি সময় লাগছে তরুণের। এমন সময় দূরে ট্রেনের দেখা পাওয়া গেল। প্রতিবন্ধী তরুণ তখনও রেললাইন পার করে অন্য দিকে পৌঁছোতে পারেননি। অন্য দিকে তরুণ যে লাইনে আটকে, সেই লাইন ধরেই স্টেশনে ট্রেন ঢুকছে। ভয়াল দৃশ্য দেখে তরুণকে সাহায্যের জন্য এগিয়ে এলেন জনা চারেক তরুণ। সকলে মিলে তাঁকে টেনে প্ল্যাটফর্মে তুললেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘মিস্টার_খারুস_রাহুল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। প্রায় ২৫ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। অধিকাংশ নেটাগরিক তরুণের এই কাজকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন। বহু নেটাগরিক প্রতিবন্ধীদের জন্য রেললাইন পারাপার করার জন্য ফুটব্রিজ ছাড়া অন্য কোনও ব্যবস্থা থাকা উচিত বলে মনে করছেন।