দু’পাশে ঘন জঙ্গল। তার মাঝখানের রাস্তা ধরে গাড়ি নিয়ে যাচ্ছিল পরিবার। জঙ্গল থেকে হঠাৎ বেরিয়ে এল বুনো হাতির দল। গাড়িটির দিকে তেড়েও গেল এক ক্ষিপ্ত হাতি! অল্পের জন্য রক্ষা পেল পরিবারটি। ঘটনাটি ঘটেছে কেরলমের ওয়েনাড়ে। সুলতান বাথেরি-গুন্ডলুপেট সড়কে গুন্ডলুপেট থেকে ফেরার পথে একটি পরিবার বন্য হাতির পালের মুখোমুখি হয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তার মধ্যেই একটি হাতি হঠাৎ করেই তেড়ে যায় গাড়িটির দিকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, থ্রিক্কাইপেট্টার সেন্ট থমাস জ্যাকোবাইট চার্চের ফাদার রেজি পল এবং তাঁর পরিবারের সঙ্গে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। পরিবারটি যখন গুন্ডলুপেট থেকে ফিরছিল, তখন জঙ্গলের দিক থেকে তিনটি বন্য হাতি রাস্তায় উঠে আসে এবং রাস্তা পার হতে শুরু করে। বেশ কয়েক জন গাড়িচালক তৎক্ষণাৎ তাঁদের গাড়ি থামিয়ে হাতিগুলোর রাস্তা থেকে সরে যাওয়ার অপেক্ষা করতে থাকেন। হাতিগুলি বনের দিকে চলে যাচ্ছে বলে মনে হওয়ার পর চালকেরা ধীরে ধীরে আবার গাড়ি চালাতে শুরু করেন। সবার আগে একটি যাত্রিবাহী গাড়ি এগিয়ে যায়। তার ঠিক দু’টি গাড়ি পিছনে ছিল ফাদার পল ও তাঁর পরিবারের গাড়িটি। হঠাৎ একটি বুনো হাতি সেই গাড়িটির দিকে তেড়ে যায়। পেছনে সারিবদ্ধ গাড়ি এবং চলাচলের জন্য সীমিত জায়গা থাকায়, পেছনের যাত্রীদের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার বা সরে যাওয়ার মতো পর্যাপ্ত সুযোগ ছিল না। বুনো হাতিটি গাড়ির একদম কাছে চলে আসে। ফলে স্বাভাবিক ভাবেই ভয় পেয়ে যান ফাদারের পরিবারের সদস্যেরা। তবে বরাতজোরে ঠিক সময়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় পরিবারটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাজটুইটস১০’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ভিডিয়োটি দেখার আতঙ্কিত হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।