সাপ দেখলে অধিকাংশ মানুষই আতঙ্কিত হয়ে পড়েন। সমাজমাধ্যমে প্রায়ই ভাইরাল হয় সাপ সংক্রান্ত নানা ভিডিয়ো। হইচইও ফেলে ভিডিয়োগুলি। সম্প্রতি সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, নির্ভয়ে এবং সাহসিকতার সঙ্গে একটি বিশাল বড় গোখরোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এক তরুণী। বিষধর সাপটির সামনে তরুণীর শান্ত এবং নির্ভীক আচরণ মুগ্ধ করেছে নেটপাড়াকে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির মধ্যে ফণা তুলে মেঝেতে শুয়ে রয়েছে বিশাল এক গোখরো। আর বিষধর সাপটিকে অতি সন্তপর্ণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এক তরুণী। সাধারণত সাপ দেখলে মানুষ ভয় পেলেও তরুণীকে বেশ শান্ত দেখাচ্ছিল। হাসছিলেন তিনি। এর পর একটি বড় স্বচ্ছ প্লাস্টিকের পাত্র হাতে নিয়ে ধীরে ধীরে সাপটির দিকে এগিয়ে যেতে দেখা যায় তাঁকে। ক্রমাগত গোখরোর নড়াচড়া পর্যবেক্ষণ করছিলেন তরুণী। সেই অনুযায়ী নিজের অবস্থানও পরিবর্তন করছিলেন। তাঁর লক্ষ্য ছিল সাপটিকে পাত্রের ভেতরে আটকে ফেলা। গোখরোটিও ফণা তুলে তরুণীকে সতর্ক করতে থাকে বার বার।
আরও পড়ুন:
ভিডিয়োর পরবর্তী অংশে দেখা যায়, সাপটির মাথা পাত্রের ভিতর পুরে ফেলতে সফল হয়েছেন তরুণী। এর পর তিনি ধীরে ধীরে গোখরোর শরীর পাত্রের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। তাঁর প্রচেষ্টা ছিল বিষধর সাপটিকে পালিয়ে যাওয়া থেকে আটকানো। এর পর বিশাল গোখরোটিকে পাত্রবন্দি করে ফেলেন তরুণী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভার্টিগো_ওয়ারিয়র’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাপের ছবি দেখেই আমাদের এত ভয় লাগে আর তরুণী কী ভাবে বিষধর গোখরোকে সামলাচ্ছেন! প্রশংসনীয়।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘তরুণীর আত্মবিশ্বাসের মাত্রাই আলাদা। সামনে সাপ থাকা সত্ত্বেও তিনি এমন ভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন, যেন এটি তাঁর নিত্য দিনের রুটিন।’’