স্বয়ংক্রিয় গাড়ি তৈরি করেছিলেন পাকিস্তানি যুবক। পরীক্ষামূলক ভাবে চালানোর সময় পুলিশের ভ্যানের সঙ্গে সংঘর্ষ লাগল সেই গাড়ির। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো সমাজমাধ্যম প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
পাকিস্তান এবং সে দেশের নাগরিকেরা মাঝে মাঝে এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, যা তাঁদের জন্যই লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। তেমনই একটি ঘটনা সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে সম্প্রতি। প্রথমে দাবি করা হয়, এক জন পাকিস্তানি যুবক একটি স্বয়ংক্রিয় (অটোমেটিক) গাড়ি তৈরি করেছেন এবং সে দেশে প্রতিভার কোনও অভাব নেই। এর পরেই এমন একটি ঘটনা ঘটে যা সেই দাবিকে ‘সত্যি’ প্রমাণ করে। গাড়িটি পরীক্ষামূলক ভাবে চালানোর সময় সরাসরি একটি পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। প্রমাণ হয়, পাকিস্তানে সত্যিই ‘প্রতিভা’র অন্ত নেই। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক একটি গাড়ির ভিতরে বসে রয়েছেন। গাড়িটি নিজে থেকেই চলছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ির স্টিয়ারিং হুইলটি আপনা-আপনি ঘুরতে থাকে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো একটি পুলিশ ভ্যানের দিকে ঘুরে যায়। চালক গাড়িটি থামানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। ভিডিয়োয় সংঘর্ষের পরবর্তী দৃশ্যও দেখানো হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ডব্লিউডব্লিউ৩মিডিয়া’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। গাড়িটির স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি (অটোনোমাস ড্রাইভিং টেকনোলজি) নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এ কেবল পাকিস্তানেই সম্ভব! পুলিশের সঙ্গে ধাক্কা লাগার সময় ওই ব্যক্তি কী বলছিলেন?’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘এ কেমন স্বয়ংক্রিয় গাড়ি। ভাগ্যিস টেসলার মালিকের কানে খবর পৌঁছোয়নি।’’