Advertisement
E-Paper

কাজে যাওয়ার পথে ট্রাকের পিছনে ধাক্কা মারল চারচাকা! দুর্ঘটনাস্থলেই মৃত্যু সাত তরুণের, ভাইরাল ভিডিয়ো

তরুণদের চারচাকা সোজা গিয়ে ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মালবোঝাই ট্রাকে। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেল। ঘটনাস্থলেই মৃত্যু হল তরুণদের। চালকও প্রাণে বাঁচলেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৩:১৯
accident

ছবি: পিটিআই।

কাজে ফিরছিলেন। চারচাকায় করে ছয় তরুণ একসঙ্গে কারখানার উদ্দেশে রওনা দিয়েছিলেন। যাত্রাপথে ঘটল বিপত্তি। তরুণদের চারচাকা সোজা গিয়ে ধাক্কা মারল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মালবোঝাই ট্রাকে। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেল। ঘটনাস্থলেই মৃত্যু হল তরুণদের। চালকও প্রাণে বাঁচলেন না। ভয়ঙ্কর দুর্ঘটনার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তরুণেরা গুজরাটের আলঙ্গে একটি জাহাজ নির্মাণ কারখানার কাজ করতেন। মঙ্গলবার সকালে তাঁরা ভাবনগর থেকে আলঙ্গে যাচ্ছিলেন। ভাবনগর-সোমনাথ জাতীয় সড়ক ধরে ছুটছিল চারচাকা। মাঝে নেমে এসেছিল সার্ভিস রোডে। সেই সময় সকাল ১০টা নাগাদ ত্রাপাজ গ্রামের কাছে সার্ভিস রোডের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে চারচাকাটি। ধাক্কার বেগ এতই জোরালো ছিল যে ট্রাকটি এগিয়ে যায়। গাড়িটির সামনের অংশ প্রায় ধ্বংস হয়ে যায়। চালক-সহ সাত তরুণের মৃত্যু ঘটে। গাড়িটির দরজা ভিতর থেকে তালা পড়ে যায়। দরজা ভেঙে তরুণদের দেহগুলি বার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ তাঁদের দেহ স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়েছে। সেখানে দেহগুলি ময়নাতদন্ত করে দেখা হবে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গেছে, জাতীয় সড়ক ধরে ছুটে চলেছে একের পর এক গাড়ি। রাস্তা ফাঁকা থাকায় স্বাভাবিক ভাবেই গাড়িগুলি গতির সঙ্গে ছুটে চলেছে। পাশে সার্ভিস রোডের ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রাক। একটি সাদা রঙের চারচাকা সেই সার্ভিস রোড ধরে গতির সঙ্গে ছুটে এল। নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকাটি গিয়ে সোজা ট্রাকটির পিছনে ধাক্কা মারল। ট্রাকটি গাড়ির ধাক্কায় বেশ কিছুটা এগিয়ে গেল। চারিপাশ ঢেকে গেল ধোঁয়ায়। আশপাশ থেকে লোকজন গাড়িটির কাছে ছুটে এলেন।

‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিয়ো দেখে আতঙ্কিত। অধিকাংশ নেটাগরিক মৃত চালককেই দুর্ঘটনার জন্য দোষী বলে মনে করছেন।

Viral Video Gujarat Car Crash SUV Car Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy