প্রকাশ্যে বন্দুক ঠেকিয়ে নেতাকে ‘অপহরণ’! এর জেরে পাকিস্তানে গৃহযুদ্ধের হুঁশিয়ারি দিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)। ইমরান খানের দল ইসলামাবাদে শাহবাজ় শরিফ সরকার এবং ফিল্ড মার্শাল অসিম মুনিরের নেতৃত্বাধীন সেনাবাহিনীর বিরুদ্ধে ‘প্রাতিষ্ঠানিক একনায়কসুলভ আচরণের’ অভিযোগও তুলেছে। পিটিআইয়ের অভিযোগ, দলটির পরিকল্পিত বিশাল বিক্ষোভ কর্মসূচির কয়েক দিন আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাদের নেতাদের বন্দুক দেখিয়ে অপহরণ করা হয়েছে। সেই অভিযোগ সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
যে কোনও মূল্যে দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বর পাকিস্তান জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। এই বিক্ষোভ কর্মসূচির আগে লাহৌর পুলিশ ৭৩ বছর বয়সি ইমরানের তিন বোন আলিমাহ খান, নুরিন নিয়াজ়ি, উজ়মা খান এবং তাঁদের সন্তানদের আটক করেছে। পাশাপাশি পিটিআই এ-ও অভিযোগ করেছে, তাদের দু’জন নেতা ফজ়ল শাকুর খান এবং প্রাক্তন মন্ত্রী শাকিল আহমদ পাক সরকারের কর্তৃত্ববাদী আচরণের সর্বশেষ শিকার হয়েছেন।
খাইবার পাখতুনখোয়া বিধানসভার এক আলোচনায় স্পিকার বাবর সেলিম সোয়াতি অভিযোগ করেন যে, জনস্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং মন্ত্রী ফজ়ল শাকুর খানকে পেশোয়ারে প্রকাশ্য রাস্তা থেকে মুখোশধারী ব্যক্তিরা তুলে নিয়ে গিয়েছে। অন্য দিকে শাকিল খানকেও মালাকান্দ থেকে অপহরণের চেষ্টা করা হয়। কিন্তু তাঁকে নিয়ে যেতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন:
খবর, সোমবার পেশোয়ার মোটরওয়ে টোল প্লাজ়া থেকে বন্দুক দেখিয়ে মুখোশধারী দুষ্কৃতীরা ফজ়লকে অপহরণ করে। সেই অপহরণের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অজ্ঞাতপরিচয় মুখোশধারীরা প্রধান সড়ক অবরুদ্ধ করার জন্য ব্যারিকেড তৈরি করছে। পিটিআই জানিয়েছে, বন্দুকধারীরা সরাসরি মন্ত্রীর গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি চালিয়ে গাড়িটি থামাতে বাধ্য করে এবং এর পর তাঁকে গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত কোনও স্থানে নিয়ে যায়। তবে পাকিস্তানের গণমাধ্যমের অন্য কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুলিশের তল্লাশিতে বাধা দেওয়া এবং রক্ষীদের গুলিবর্ষণের ঘটনার পরই এই সংঘাতের সূত্রপাত হয়। একই সময়ে, খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলম আফ্রিদি জানিয়েছেন, মালাকান্দে পিটিআইয়ের নেতা শাকিল খানের উপরও নজরদারি চালানো হয় এবং তাঁর ওপর হামলা করা হয়। যদিও তাঁর রক্ষীরা পাল্টা হামলা চালিয়ে অপহরণের ছক বানচাল করেন।
আরও পড়ুন:
পিটিআই নেতা ফজ়লের গাড়িতে গুলি চালানোর ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘করাচি পোস্ট নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
উল্লেখ্য, পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে পাকিস্তান জুড়ে দমন-পীড়নের অংশ হিসেবে পাকিস্তানের কর্তৃপক্ষ পিটিআই-এর বেশ কয়েকজন নির্বাচিত নেতাকে গ্রেফতার করেছে এবং দলের কার্যালয়গুলিতে অভিযান চালিয়েছে। একই সঙ্গে, ইসলামাবাদের হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পিত এই বিক্ষোভের আগে শরিফ সরকার হাসপাতালগুলিকে ইসলামাবাদে সম্ভাব্য ‘মানব সঙ্কট’ এবং ‘ব্যাপক হতাহতের ঘটনা’ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। খবর অনুযায়ী, এই সব পদক্ষেপের প্রভাব ইতিমধ্যেই ইসলামাবাদের হাসপাতালগুলির রোগীদের উপর পড়তে শুরু করেছে। যাঁদের অস্ত্রোপচারের সময় নির্ধারিত ছিল, তাঁদের জানানো হয়েছে যে অস্ত্রোপচার স্থগিত করা হবে। কঠোর দমন-পীড়ন সত্ত্বেও পিটিআই জানিয়েছে যে তারা তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানিয়েছেন, দলটি ২৫ সেপ্টেম্বর তাদের বিস্তারিত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করবে এবং সারা দেশে দলীয় কর্মীদের সংগঠিত করবে। তিনি সতর্ক করেছেন, বিক্ষোভ চলাকালীন পুলিশ গুলি চালালে পাল্টা প্রতিক্রিয়াও দেখানো হবে। তাঁর অভিযোগ, বর্তমান পরিস্থিতি দেশকে ‘গৃহযুদ্ধের’ দিকে ঠেলে দিচ্ছে। উল্লেখ্য, ৭৩ বছর বয়সি ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির কঠোর নিরাপত্তাবেষ্টিত আদিয়ালা জেলে বন্দি।