Advertisement
E-Paper

কংসাবতীর তীরে বিশাল দুই দাঁতালের যুদ্ধ! একে অপরকে গুঁতো মেরে, শুঁড় জড়িয়ে চলল লড়াই, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাতপাঠি এলাকায়। কংসাবতী নদীর তীরে দু’টি হাতিকে একে অপরের দিকে তেড়ে আসতে এবং উচ্চ স্বরে গর্জন করতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৬ ১৭:২৫
Video shows two elephants fight near Kangsabati River

ছবি: এক্স থেকে নেওয়া।

কংসাবতী নদীর তীরে দুই বিশাল দাঁতাল হাতির ল়ড়াই! একে অপরকে গুঁতো মেরে, শুঁড়ে শুঁড় পেঁচিয়ে চলল যুদ্ধ। আর সেই দৃশ্য দেখে আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। হতবাকও হয়ে গেলেন তাঁরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাতপাঠি এলাকায়। কংসাবতী নদীর তীরে দু’টি হাতিকে একে অপরের দিকে তেড়ে যেতে এবং উচ্চ স্বরে গর্জন করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দাঁতাল দু’টি মুখোমুখি দাঁড়িয়ে বার বার একে অপরকে মাথা দিয়ে জোরে ধাক্কা দেয়। শুঁড়ে শুঁড়ে পেঁচিয়ে মারামারি করতে দেখা যায় তাদের। দাঁত দিয়েও একে অপরকে খোঁচা দেয় তারা। হাতি দু’টির উচ্চস্বরে গর্জন এবং আক্রমণাত্মক আচরণ দেখতে অনেক মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে। হইচই পড়ে যায় তাঁদের মধ্যে। শক্তিশালী দুই দাঁতালের মধ্যে বেশ কিছু ক্ষণ ধরে ধাক্কাধাক্কি এবং লড়াই চলে। অনেক দর্শক নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বিশাল প্রাণী দু’টির লড়াইয়ের দৃশ্য ধারণ করেন। অবশেষে দাঁতাল হাতি দু’টি লড়াই থামিয়ে আলাদা হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। স্থানীয় সূত্রে খবর, পরিস্থিতি সম্পর্কে বন দফতরের কর্তাদের জানানো হলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হস্তক্ষেপ করে বন দফতর। তারা মানুষকে হাতিগুলির কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে বলে খবর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘হেট ডিটেক্টরস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Tuskers Fight

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy