Advertisement
E-Paper

ইরানে আবার হামলা শুরু আমেরিকার! সেনাঘাঁটি নিশানা করে পর পর বোমা, ‘বন্ধু’ দেশে প্রথম বার আঘাতের বদলা?

ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হানায় বৃহস্পতিবার তিন জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’বছরের এক শিশুও রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ২০:২৯
মার্কিন বোমাবর্ষণের পর ইরানের আহভাজ় শহরে ধোঁয়ার কুণ্ডলী।

মার্কিন বোমাবর্ষণের পর ইরানের আহভাজ় শহরে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স।

ইরানে নতুন করে হামলা শুরু করেছে আমেরিকা। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন প্রান্তে একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয়েছে। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত আমেরিকার সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড সমাজমাধ্যমে এই হামলার কথা জানিয়েছে। জর্ডনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হানা এবং হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ আক্রমণের জবাবে বৃহস্পতিবার প্রত্যাঘাত করা হয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর।

বুধবার মিশরের একটি বন্দরে ইরান ড্রোন হামলা চালায় বলে অভিযোগ। আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী মিশর। ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতার চেষ্টায় এই দেশ সক্রিয় ভূমিকা পালন করছে। অভিযোগ, ইরানের ড্রোন বিস্ফোরণে আগুন লেগে গিয়েছিল মিশরের বন্দরে। পশ্চিম এশিয়ার সংঘাতে এর আগে কখনও মিশরকে নিশানা করা হয়নি। তার ঠিক পরের দিনই ইরানে হামলার ঝাঁঝ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমেরিকা। সেন্ট্রাল কমান্ড প্রকাশ্যে মিশরের নাম না-করলেও সেখানে আক্রমণ মার্কিন আগ্রাসনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, কেশম দ্বীপে মার্কিন হানায় বৃহস্পতিবার তিন জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দু’বছরের এক শিশুও রয়েছে। এ ছাড়া, দেশের দক্ষিণ এবং পশ্চিম প্রান্তের একাধিক জায়গায় আমেরিকা হামলা চালিয়েছে বলে অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

গত এপ্রিলে আমেরিকা এবং ইরান পারস্পরিক সমঝোতার মউ স্বাক্ষর করেছিল। সেখানে ৬০ দিনের সংঘর্ষবিরতি এবং দু’পক্ষের কূটনৈতিক আলোচনার কথা বলা হয়েছিল। কিন্তু জুন মাসেই সেই সমঝোতা ভেঙে পড়ে। হরমুজ়ে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তার জবাবে আমেরিকাও প্রত্যাঘাত করে। মার্কিন হানার পাল্টা দিতে গিয়ে পশ্চিম এশিয়ায় বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে নিশানা করে আসছে তেহরান।

আমেরিকা এবং ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা কিছু দিন স্থগিত ছিল। কিন্তু মঙ্গলবার জর্ডনে অবস্থিত মার্কিন ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। তার পরেই কঠোর প্রত্যাঘাতের বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুযায়ী বৃহস্পতিবার সেন্ট্রাল কমান্ড নিশানা করে ইরানের সেনাঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনঘাঁটি এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রগুলিকে। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

সংক্ষেপে
  • ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
  • আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
  • শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
US Iran Conflict Tehran Donald Trump Missile strike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy