গুজরাতের রাস্তায় আতঙ্ক ছ়ড়াল মৌমাছির ঝাঁক। একই দিনে, সে রাজ্যের দু’টি জায়গায় কার্যত মিসাইল ‘হামলা’ চালাল পতঙ্গের দল। তাদের ‘নিশানা’ হওয়া থেকে রেহাই পেল না ১০ বছরের খুদেও। দ্রুত গতিতে চলা যানবাহনের তোয়াক্কা না করেই ব্যস্ত রাস্তা পারাপার করে দৌড় দিলেন পথচারীরা। তার পরও নাছোড়বান্দা ‘হামলাকারীরা’ তাঁদের পিছু ছাড়ল না। তৈরি হল চরম বিশৃঙ্খলা। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই দুই ঘটনার মধ্যে একটির ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার গুজরাটের একটি জনবহুল এলাকায় স্থানীয় প্রশাসনিক কার্যালয়ের ঠিক সামনেই মৌমাছির ঝাঁকের কবলে পড়তে হয় পথচলতি মানুষজনকে। অন্য দিকে, একই দিনে আইআইটি-গামী সড়কেও একই ঘটনা ঘটে। দু’টি ঘটনাই সকাল ৮টা নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, মৌমাছিদের আক্রমণে অন্তত ১০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলা। এমনকি, হুল ফোটার যন্ত্রণা ভোগ করতে হয়েছে ১০ বছরের এক খুদেকেও। পরিস্থিতি বেগতিক বুঝে আক্রান্তদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় ব্যবসায়ী ও দোকানিরা। তাঁরা জল ছিটিয়ে মৌমাছির ঝাঁককে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। পরিস্থিতি ক্রমে এতটাই হাতের বাইরে চলে যায় যে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীকেও পৌঁছোতে হয়। দমকল বিভাগের কর্মীরাই আক্রান্তদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রশাসনের তরফে সংশ্লিষ্ট দু’টি সড়কই সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধার ধরে দৌড়োচ্ছেন পথচারীরা। সেই দলে রয়েছে এক খুদেও। পথচারীদের পিছু নিয়েছে এক ঝাঁক মৌমাছি। এক তরুণ রুমালের সাহায্যে মৌমাছিগুলিকে তাড়ানোর চেষ্টা করে চলেছেন। কিন্তু, পতঙ্গের ঝাঁক তরুণের কাছ থেকে সরছে না। মৌমাছির ‘হামলা’র মুখে পড়েও তরুণ আক্রান্ত খুদেকে আগলে রাখার চেষ্টা করলেন। তার হাত শক্ত করে ধরে তিনি দৌড়োতে লাগলেন তিনি। ভিডিয়োর অপর অংশেও দেখা গেল একই দৃশ্য - রাস্তার ধার ধরে এক তরুণ এবং তরুণী দৌড়ে চলেছেন। তাঁদের সঙ্গেই দৌড়োচ্ছে ওই খুদে। সকলকেই বার বার হাত নাড়তে দেখা গিয়েছে। কিন্তু, তাতে মৌমাছিগুলিকে তাড়ানো সম্ভব হয়নি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নেক্সটমিনিটনিউজ়৭’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি অসংখ্য নেটাগরিকের নজর কেড়েছে। প্রচুর প্রতিক্রিয়া এবং মন্তব্য জমা পড়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ভয়ঙ্কর!’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘খুদেকে দেখে খারাপ লাগছে।’’